চালু হল ‘লিন্ডা’ চ্যাটবট

৬ মে, ২০১৯ ০৬:০৬  
দেশে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য চালু হল চ্যাটবট সেবা। চ্যাটবটটির নাম‘লিন্ডা’। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সেবাগ্রহণকারী ও বিনিয়োগকারীদের যোগাযোগ এবং বিভিন্ন তথ্য আদান-প্রদান সহজীকরণের লক্ষ্যে এ চ্যাটবট চালু করা হয়েছে। লিন্ডার মাধ্যমে যেকোনো বিনিয়োগকারী কল সেন্টারে যোগাযোগ না করেই নিজের ফেসবুক অথবা লংকাবাংলা সিকিউরিটিজের ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বিনিয়োগকারীরা বিনিয়োগ তালিকা (পোর্টফলিও স্ট্যাটাস), খতিয়ান হিসাব (লেজার ব্যালান্স), ক্রয়ক্ষমতার তথ্য, আইপিওর বর্তমান অবস্থা ও নিজের হিসাবসংক্রান্ত যেকোনো তথ্য-উপাত্ত লিন্ডার মাধ্যমে জানতে পারবেন। লিন্ডা উদ্বোধন অনুষ্ঠানে লিডস করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ, লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।